স্থানীয় সূত্রে জানা যায়, রাজপাট গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি জানার পর রাজপাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ হাদিচ মোল্লা ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ করেন। তবে অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তা ঘটনাস্থল ছেড়ে যাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আবারও বালু উত্তোলন শুরু হয়।
এদিকে, একই ইউনিয়নের বরইহাট গ্রামে সরকারি খাল দখল করে প্রকাশ্যে বালু ভরাটের অভিযোগ উঠেছে। সরকারি খাল দখল ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক প্রবাহ এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে রাজপাট ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ হাদিচ মোল্লা বলেন, “আমরা প্রাথমিকভাবে বালু উত্তোলন বন্ধ করেছি। এখন আমরা চলে আসার পর যদি আবারও বালু উত্তোলন করা হয়, তাহলে স্যারকে বিষয়টি জানান।”
অন্যদিকে, কাশিয়ানী উপজেলা ভূমি কর্মকর্তা মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, “ছবি এবং ঠিকানা পাঠান, বিষয়টি আমরা দেখব।”
স্থানীয়দের প্রশ্ন, দিনের পর দিন এভাবে প্রকাশ্যে বালু উত্তোলন ও সরকারি খাল দখলের অভিযোগ উঠলেও স্থায়ীভাবে তা বন্ধ হচ্ছে না কেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাময়িক পদক্ষেপের পরও যদি আবার বালু উত্তোলন শুরু হয়, তাহলে এসব কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে?
এলাকাবাসীর দাবি, সরকারি খাল রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি সুরক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।
লিমন ইসলামঃ কাশিয়ানী, গোপালগঞ্জ প্রতিনিধি