পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক বিষধর সামুদ্রিক মাছ, যা লায়নফিশ নামে পরিচিত। স্থানীয় জেলেরা এটিকে বাঘা মাছ বা রাওয়া মাছ নামেও চেনেন। মাছটির রঙিন ডোরাকাটা দাগ ও লম্বা কাঁটাযুক্ত পাখনার কারণে মৎস্য বন্দরজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
আজ (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মেসার্স মুন্নী ফিশ নামের একটি আড়তে বিরল প্রজাতির এই মাছটি আনা হলে বন্দরজুড়ে হইচই পড়ে যায়। অনেকেই মাছটি দেখতে ভিড় জমান এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
স্থানীয় জেলে আবদুল মন্নান মাঝি বলেন, গত পরশু কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত মাছটি ধরা পড়ে। দেখতে সুন্দর হলেও তিনি শুনেছেন এটি বিষধর।
মুন্নী ফিশের ব্যবস্থাপক হিরন মিয়া বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম এটি সাধারণ কোনো মাছ, কিন্তু পরে দেখি রংটা অনেক অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তারপরই বুঝতে পারি, এটি বিরল কিছু।
মাছটির দেহে লাল, সাদা ও বাদামি রঙের ডোরাকাটা দাগ এবং লম্বা কাঁটাযুক্ত পাখনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি লায়নফিশ, যা সাধারণত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায়।
সমুদ্রের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের পটুয়াখালী জেলার গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান নিশ্চিত করেন, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ।
তিনি বলেন, এর পাখনার কাঁটায় থাকা বিষ মানুষকে দংশন করলে তীব্র ব্যথা, ফুলে যাওয়া এবং কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এই মাছ ধরা ঝুঁকিপূর্ণ।
কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহাও জানান, এমন মাছ এর আগে তিনিও দেখেননি এবং মাছটি খালি হাতে ধরা ঝুঁকিপূর্ণ।