গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামে এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নুল ওই এলাকার মৃত দানেশ উদ্দিনের ছেলে।
নিখোঁজের একদিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নুল ইসলাম শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরিবার অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছিল। শনিবার সকালে স্থানীয় দুই যুবক বাগানে বাঁশ কাটতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।
নিহতের পরিবার জানায়, ময়নুল বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।