চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ সুমন (৩৫) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পৃথক এই দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকা থেকে মোহাম্মদ সুমন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে খাজা গরিবে নেওয়াজের আস্তানা এলাকায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ জানান, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকায় বিয়ের আনন্দে বিষাদ নেমে আসে এক শিশুর মৃত্যুতে। তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন মাহিন সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহিন করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের কাতার প্রবাসী আক্তার হোসেনের ছেলে। চার বছর আগে মাকে হারানো মাহিন তার মামার কাছে বড় হচ্ছিল। একটি আনন্দ অনুষ্ঠান থেকে তার এই অকাল বিদায় পরিবারে শোকের মাতম সৃষ্টি করেছে।