ঝিনাইদহ শহরের ধোপাঘাটা নতুন ব্রিজের ওপর এক সড়ক দুর্ঘটনায় সমু বিশ্বাস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে ঝিনাইদহেই পৃথক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ আরও দুই যুবক প্রাণ হারিয়েছিলেন।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনার মিছিল যেন থামছেই না। ১৩ ঘণ্টার ব্যবধানে জেলায় প্রাণ হারালেন আরও এক যুবক। নিহতের নাম সমু বিশ্বাস (৩০), তিনি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের সুভাস চন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে সমু বিশ্বাস মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের পবহাটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন ও তাঁর বন্ধু শান্ত মিয়া নিহত হয়েছিলেন।