নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়াড়ি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
(২৮ ফেব্রুয়ারি) জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি স্মার্টফোন এবং ৩টি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো অ্যাপ ও প্রতারণার প্রমাণ পেয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. মোল্লা মোহাম্মদ আশরাফুজ্জামানের নির্দেশনায় ডিবি ওসি মো. মতলুবর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন— শাহ মোহাম্মদ বুলেট, আদর আলী, হাসান আল ফিরোজ, মনিরুজ্জামান সজীব, রাকিবুল হাসান লাবিব, সিরাজ উদ্দিন ও আহসান হাবিব। তারা নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জব্দকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং সাইট ও ক্যাসিনো অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে নিঃস্ব করে আসছিল। এছাড়া গুগল ক্রোম হিস্টোরিতে ভিসা প্রতারণার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।