বগুড়া-৬ (সদর) আসনের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনী বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই হামলার পর থেকে শেখেরকোলা ইউনিয়নের ওয়ার্ড জামায়াত সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তাঁর দল। উত্তেজনার খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হামলা চালায় একদল যুবক। তারা জামায়াতের বুথ ভাঙচুর করে এবং ভোটার তালিকা পুড়িয়ে দেয়। জামায়াতের অভিযোগ, এই হামলার সময় মাহফুজুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ সময় হামলায় জামায়াতের অন্তত তিনজন কর্মী আহত হন।
তবে বিএনপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এটি জামায়াতের নিজেদের সাজানো নাটক। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিখোঁজ নেতার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। বর্তমানে ওই কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।