ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক কৃষক দল নেতা নাছির উদ্দীন হাজারী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দলীয় সংহতি বজায় রাখতে এবং বিএনপির চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
নাছির উদ্দীন হাজারী জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে দলের আদর্শ ও বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এই আসনে এখন ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করবেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং প্রার্থীদের মধ্যে পারস্পরিক সমঝোতা সুষ্ঠু নির্বাচনের পথকে আরও সুগম করে। প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনা হলো—নির্বাচনের প্রতিটি ধাপে যেন স্বচ্ছতা বজায় থাকে এবং কোনো প্রার্থী বা ভোটার যেন কোনো ধরনের চাপের মুখে না পড়েন।