মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে অবরোধ কর্মসূচি পালনের ঘটনায় আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এই ঘটনায় পুলিশ কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
রবিবার ভোর সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের 'শাটডাউন' কর্মসূচি পালনের অংশ হিসেবে গোপালপুর এলাকায় স্থানীয় নেতাকর্মীরা একাধিক গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় সকাল সাড়ে নয়টায় যান চলাচল স্বাভাবিক হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়ে যাত্রীদের চরম দুর্ভোগ হয়।
এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা নিশ্চিত করেন, মহাসড়কে অবরোধের ঘটনায় এজাহারভুক্ত ৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া নেতার বাইরে বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইসমাইল খান হৃদয়/রাজধানী