দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষক। কোথাও সরকারি দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে, কোথাও ডিলারের দোকানে সার থাকলেও ‘নেই’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষি বিভাগ ও ডিলারদের বেশির ভাগই বলছেন, সার সংকট নেই। তবে কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম এবং কোনো কোনো এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আমন চাষের ভরা মৌসুমে সার পেতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। তাদের অনেকের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন।
তবে সরকার বলছে, দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সারা দেশে সার সংকটের খবর নাকচ করে দিয়েছে। স্থানীয় কর্মকর্তা ও ডিলারদের দাবি, কৃষকেরা আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার কিনছেন। অন্যদিকে, সার মজুত করে রাখা, কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি ঠেকাতে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নজরদারিতে রাখার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।