টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে আইসিসির সাথে দ্বন্দ্বে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্তের পর বিষয়টি আইসিসির স্বাধীন ‘ডিসপিউট রেজোল্যুশন কমিটি’তে পাঠানোর অনুরোধ জানিয়ে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ফের চিঠি দিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে অটল রয়েছে বাংলাদেশ।
আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম পেরিয়ে গেলেও বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই তারা ভারতে দল পাঠাবে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করেছেন, জাতীয় স্বার্থ ও ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। মূলত উগ্রবাদী গোষ্ঠীর হুমকি ও আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে বোর্ড।
ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসি আগে নাকচ করে দিলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। আইসিসির স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত 'ডিসপিউট রেজোল্যুশন কমিটি' যেন এই সংকটের সুরাহা করে, সেই লক্ষ্যেই নতুন এই চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও বিসিবির জোরালো দাবি—ম্যাচগুলো যেন সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।