পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো জোড়া বোমা হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবারের এই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ট্যাঙ্ক জেলার গোমাল বাজারে প্রথম বিস্ফোরণটি ঘটে। পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়। এতে শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্য নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। একই দিন লাকি মারওয়াত জেলাতেও একটি পুলিশ ভ্যানে বোমা হামলায় তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রশাসন। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করেছে।