দেশের বর্তমান নির্বাচনী প্রচারের পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার (১ ফেব্রুয়ারি) ইউরোপীয় চেম্বার অব কমার্সের (ইউরোচেম) প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে তিনি গণতন্ত্র পুনরুজ্জীবনের ক্ষেত্রে আস্থার প্রতীক হিসেবে বর্ণনা করেন।
জাপানের সঙ্গে সম্প্রতি সম্পন্ন হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার আগেই তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের বাজার নিশ্চিত করতে এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, এলডিসি উত্তরণের পর বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে এফটিএ অত্যন্ত জরুরি। ভারত ও ভিয়েতনামের উদাহরণ দিয়ে তিনি বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশ বর্তমান বাণিজ্য সুবিধা ভোগ করবে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ ও রাজনৈতিক বার্তা প্রয়োজন। ২০২৬ সালে একটি 'ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম' আয়োজনের প্রস্তুতির কথাও জানান তিনি।
প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, দক্ষ শ্রমশক্তি ও কম উৎপাদন ব্যয়কে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।