বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এক তরুণী ও জুনিয়র বন্ধু দীপ।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান তাহসিফ ও ওই তরুণী। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। পরে তিনজন একসঙ্গে বারের লিফটে প্রবেশ করেন এবং প্রায় দেড় ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, পরে ওই তরুণীকে বাসায় নামিয়ে দিয়ে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। ওই রাতের চলাচল ও বিভিন্ন স্থানে তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।
এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত।