তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। সংবিধান সংস্কার ইস্যুতে শুরুতে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত সংসদীয় দলের জরুরি বৈঠকে শপথ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া নিয়ে জোটের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় জামায়াতের এমপিদের শপথ গ্রহণ নিয়ে এক ধরণের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এর আগে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতও এমপি হিসেবে শপথ নেবে না। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে সংসদ ভবনে জোটের নবনির্বাচিত সদস্যরা এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
বৈঠকে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক বাস্তবতা ও সংসদীয় কার্যক্রমকে গতিশীল করতে শপথ নেওয়ার পক্ষে ঐকমত্য হয়। এরপরই জামায়াতের এমপিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। এই শপথের মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন জনমনে কৌতূহল—সংসদ অধিবেশনে জামায়াত ও বিএনপির মধ্যকার কৌশলগত অবস্থান কেমন হবে।