শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কারণ দেখিয়ে আওয়ামী লীগের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান মো. ফারুকউজ্জামান মিয়া।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। ৫ আগস্টের পর পাঁচটি মামলায় আসামি হয়ে কিছুদিন কারাভোগ করার পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া জানান, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমান শারীরিক অবস্থায় দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন না।
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হওয়া মামলাগুলো নিয়ে তিনি জানান, বর্তমানে সবকটি মামলায় তিনি জামিনে আছেন। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ও সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।