জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসুরিয়া এলাকায় অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত চারজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে।
সোমবার (২৪ নভেম্বর) বালু উত্তোলনের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিসিল আদালত পরিচালনা করেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় স্থানীয় সচেতন জনগণ চারজনকে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিসিল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অপরাধ স্বীকার করায় আদালত চারজন অভিযুক্তকে প্রচলিত আইনের ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আটককৃতদের মধ্যে টাঙ্গাইল ও সরিষাবাড়ীর কয়েকজন ব্যক্তি রয়েছেন।
তবে অভিযুক্তরা দাবি করেছেন যে তারা এই অবৈধ কাজের মূল হোতা নন, মূল মালিক হলো দুলাল মিয়া, ইউনুস মিয়া, সুভাষ সরকার ও সবুজ মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিসিল বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ভূমিদস্যু ড্রেজার দিয়ে যারা মাটি কাটেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান কঠোরভাবে চালিয়ে যাওয়া হবে।