বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সচেতন চট্টলাবাসী নাগরিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, "চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু নগরীর বিভিন্ন সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে উন্নয়ন কাজের সুফল থেকে নগরবাসী বঞ্চিত হচ্ছেন। প্রায়ই দেখা যায়, এক সংস্থা নতুন সড়ক নির্মাণ করার পরপরই অন্য সংস্থা পাইপলাইন বা ক্যাবল স্থাপনের জন্য তা আবার খুঁড়ে ফেলছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ ও যানজট বাড়ছে, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থেরও অপচয় হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, নগরীর জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে চসিক, সিডিএ, ওয়াসা, পিডিবি ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে একটি অভিন্ন পরিকল্পনায় কাজ করতে হবে। চট্টগ্রামের টেকসই উন্নয়নের স্বার্থে তিনি অবিলম্বে সকল সেবা সংস্থার সমন্বয়ে একটি কার্যকর ও নিয়মিত তদারকি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।