ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান লাবণ্যর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে গোয়ালচামট এলাকায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে।
শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসা থেকে লাবণ্য নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লাবণ্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর শহরে একা থেকে পড়াশোনা করতেন।
বাড়ির তত্ত্বাবধায়ক সিদ্দিকুর রহমান জানান, রাতে লাবণ্যের কক্ষ থেকে ফোনের রিংটোন শুনতে পেয়ে তাকে ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশে খবর দেয়।
কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি ব্যক্তিগত বা মানসিক কোনো কারণে আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।