নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নীলকমল নদীর ওপর একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো এখন তিন গ্রামের মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ৩০ মিটারের এই নড়বড়ে সাঁকোটি দিয়ে প্রতিদিন কুটিচন্দ্রখানা ও হাবিবপুরসহ প্রায় পাঁচ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। দীর্ঘ দিন মেরামত না করায় ভেঙে পড়া এই সাঁকোটি দিয়ে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের পারাপার এখন চরম বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চলাচলের বিকল্প পথ না থাকায় প্রতিদিন বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সাঁকোটি ব্যবহার করতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সাঁকোটি পিচ্ছিল হয়ে যায়, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা জানায়, স্কুল-কলেজে যাওয়ার সময় তারা প্রতিনিয়ত আতঙ্কে থাকে।

ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, জনদুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং একটি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী মামুনুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, সেখানে ব্রিজ নির্মাণের প্রস্তাবনাটি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ লাঘবে অন্তত অস্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আলমগীর হোসেন আসিফ/রাজধানী