বাগেরহাট জেলা কারাগারে বাবুল দাস (২৫) নামে ভারতীয় এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১৫ নভেম্বর) ময়নাতদন্তের পর বাবুলের মরদেহ ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হবে। বাবুল দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিনগর গঙাধর পাড়ার নির্মল দাসের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
তিনি গত ১৫ জুলাই অবৈধভাবে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানার প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক হয়ে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন।
বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোস্তফা কামাল বলেন, শুক্রবার রাত বারোটার দিকে শৌচাগারে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বাবুল দাস নামে এক ভারতীয় বন্দি হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে মেঝেতে পড়ে যান। অন্য হাজতির মাধ্যমে জেল কর্তৃপক্ষ তা জানতে পেরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবুল দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।