নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন না হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই কড়া বার্তা দেন। আইসিসি ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিলেও সরকার তার অবস্থানে অনড় রয়েছে, যার ফলে টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে 'সুবিচার' করেনি। তিনি উল্লেখ করেন, ভারতের মাটিতে একজন ক্রিকেটারকেই (মোস্তাফিজুর রহমান) যেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সে দেশের বোর্ড, সেখানে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, নিরাপত্তা শঙ্কা কোনো বায়বীয় ধারণা নয়, এটি বাস্তব। তাই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না।
এর আগে আইসিসি এক ভার্চুয়াল সভায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দেয় এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। সভায় পাকিস্তান বাদে বাকি দেশগুলো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয়। বিসিবি জানিয়েছে, যদি ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয় তবেই বাংলাদেশ অংশ নেবে। আইসিসির আলটিমেটাম শেষ হওয়ার আগেই সরকারের এই কঠোর অবস্থান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে বড় চাপে ফেলেছে, কারণ পাকিস্তানও বাংলাদেশের সমর্থনে টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দিয়ে রেখেছে।