টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স বজায় রেখেছে বাংলাদেশ নারী দল। রবিবার (১ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। ডাচদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে অপরাজিত থেকেই বাছাইপর্বের মিশন শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। শুরুতেই নাহিদা ও মারুফার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তাদের টপ অর্ডার।
প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মিডল অর্ডারে সানিয়া খুরানার ৪৩ এবং রবিন রিজকের ৩৯ রানের সুবাদে কোনোমতে ১০০ রান পার করে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে ম্যাচসেরা হন নাহিদা আক্তার। এছাড়া মারুফা, রাবেয়া ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।
রান তাড়ায় নেমে মাত্র ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমীন আক্তারের ৪২ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। শারমীন ১৩ রান করে ফিরলেও সোবহানা মোস্তারীকে নিয়ে জয় নিশ্চিত করেন নিগার। ৪৪ বলে ৭টি চারে অপরাজিত ৫০ রান করেন অধিনায়ক, যা তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। সোবহানা মোস্তারী ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা টাইগ্রেসরা এই জয়ের মাধ্যমে পুরো টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখল।