দীর্ঘ সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরেই বিধ্বংসী এক সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় তারকা রোহিত শর্মা।
বুধবার (২৪ ডিসেম্বর) জয়পুরে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সিকিমের বিপক্ষে মাত্র ৬২ বলে শতক হাঁকান তিনি। এটি তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চড়াও হন ‘হিটম্যান’। চার-ছক্কার বৃষ্টিতে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করার পথে তিনি ভেঙে দিয়েছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে করা ৬৩ বলের সেঞ্চুরির নিজস্ব রেকর্ডটি। এই ইনিংসের মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের একদম কাছে পৌঁছে গেলেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।
বিজয় হাজারে ট্রফিতে অভিষেকের ১৭ বছর পর মুম্বাইয়ের হয়ে এটি রোহিতের দ্বিতীয় সেঞ্চুরি। বর্তমানে কেবল ওয়ানডে ফরম্যাটে খেলা এই অভিজ্ঞ তারকা সম্প্রতি ফর্ম নিয়ে ওঠা সব সমালোচনার জবাব দিচ্ছেন ব্যাট হাতেই। অস্ট্রেলিয়া সফরে সিডনিতে অপরাজিত ১২১ রানের পর ঘরোয়া ক্রিকেটেও তাঁর এই রাজকীয় ফর্ম ভক্তদের আশাবাদী করে তুলেছে। ম্যাচটি দেখার জন্য স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়।