সিপিএলের এলিমিনেটরে চেনা রূপে ফিরলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। তার ঝড়ো ইনিংসে ভর করে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস সংগ্রহ করেছে ১৬৬ রান।
৬ নম্বরে নেমে সাকিব ছিলেন অপরাজিত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি ব্যাট হাতে নামলেও এরপর থেকে একের পর এক সঙ্গীর বিদায় দেখেছেন কেবল। তবে নিজে ছিলেন রূদ্রমূর্তিতে। শুরুতেই সুনীল নারাইনের ওপর চড়াও হন তিনি। মাত্র ৫ বল খেলে নেন ১৮ রান, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত ৯ বলে অপরাজিত ২৬ রানে ঝড়ো ইনিংসটি খেলেন সাকিব।
এর আগে ইনিংসের ভরসা হয়ে দাঁড়ান আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই খেলেছেন দায়িত্বশীল ইনিংস। জাঙ্গু করেছেন ৪৯ বলে ৫৫, আর গুসের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৬১ রান। দ্বিতীয় উইকেটে এই জুটি তুলেছে ১০৮ রান।
তবে তাদের বড় জুটি ও সাকিবের ঝড়ের পরও দল পায়নি বড় সংগ্রহ। কারণ অন্য সবাই ছিলেন ব্যর্থ। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তাই শেষ পর্যন্ত ফ্যালকনস থেমেছে গড়পড়তা ১৬৬ রানে।