না ফেরার দেশে পাড়ি জমালেন অস্কারজয়ী ব্রিটিশ চিত্রনাট্যকার টম স্টপার্ড।গতকাল শনিবার (২৯ নভেম্বর) নাট্যকারের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৯৮ সালের সিনেমা শেক্সপিয়ার ইন লাভ-এর জন্য অস্কার ও গোল্ডেন গ্লোব জয় করেন এই কিংবদন্তি।
স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, আমাদের প্রিয় বন্ধু টম স্টপার্ড ডরসেটের বাড়িতে মারা গেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি নিজের কাজের জন্য, বুদ্ধিমত্তা, উদারতা এবং ইংরেজি ভাষার প্রতি গভীর ভালোবাসার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
১৯৯৮ সালের সিনেমা শেক্সপিয়ার ইন লাভ-এর জন্য অস্কার ও গোল্ডেন গ্লোবজয়ী এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা এক বিবৃতিতে বলেন, তিনি আমাদের সময়ের সেরা লেখকদের একজন। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সব সময় বিনয়ী ছিলেন। যে কোনো বিষয়কে তিনি কলমের জাদুতে বদলে দিতে পারতেন। এ ছাড়া অন্যান্য তারকাও স্টপার্ডের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
অস্কার ও গ্লোল্ডেন গ্লোব জয়ের পাশাপাশি স্টপার্ড তিনটি অলিভিয়ার ও পাঁচটি টনি অ্যাওয়ার্ডও জিতেছেন। এই চিত্রনাট্যকার বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে ইন্ডিয়ানা জোন্স এবং স্টার ওয়ার্স এর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এ ছাড়া নাৎসি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পরিবার নিয়ে ইংল্যান্ডে আশ্রয় পাওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার সৃজনশীল ব্যবহার ও তীক্ষ্ণ সংলাপের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। তার লেখা নাটক ছিল একই সঙ্গে গভীর ও কমেডির মিশ্রণ।
তার উল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে রয়েছে- রোজেনক্রান্জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড, ট্রাভেসটিস, দ্য রিয়েল থিং, আর্কেডিয়া এবং তিন খণ্ডে লেখা মহাকাব্যিক নাট্যপ্রকল্প দ্য কোস্ট অব ইউটোপিয়া। আর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ব্রাজিল, এম্পায়ার অব দ্য সান এবং আন্না কারেনিনা অন্যতম।