বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত আলোচিত সিনেমা 'ধুরন্ধর' বক্স অফিসে সফল হলেও এর চিত্রনাট্য নিয়ে ভারত-পাকিস্তান বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের মন্ত্রীদের দাবি, এই সিনেমায় দেশটির লিয়ারি শহরকে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা মিথ্যা প্রচারণার উদাহরণ।
এর পাল্টা জবাব দিতে শনিবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানে 'মেরা লিয়ারি' নামে একটি নতুন সিনেমা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে লিয়ারি শহরের আসল সংস্কৃতি, শান্তি ও গৌরব তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। এদিকে, 'ধুরন্ধর' সিনেমাটি 'পাকিস্তানবিরোধী' বলে খবর ছড়ানোয় পশ্চিম এশিয়ার ৬টি দেশে এটি এখনও মুক্তি পায়নি।
আদিত্য ধরের 'ধুরন্ধর' সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে সিনেমার বিষয়বস্তু নিয়ে পাকিস্তান সরকার আপত্তি তুলেছে। পাকিস্তানের মন্ত্রী শারজিল ইনাম মেমন সামাজিক মাধ্যমে 'মেরা লিয়ারি' সিনেমার পোস্টার শেয়ার করে 'ধুরন্ধর'-কে ভারতীয় 'প্রোপাগান্ডার' উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, লিয়ারি মানে কেবল সহিংসতা নয়, বরং এটি সংস্কৃতি, শান্তি ও প্রতিভার জন্য পরিচিত। আগামী মাসে মুক্তি পেতে যাওয়া 'মেরা লিয়ারি' সিনেমায় এই অঞ্চলের আসল রূপ দেখানো হবে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, 'ধুরন্ধর' সিনেমাটিকে 'পাকিস্তানবিরোধী' তকমা দেওয়ায় বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতসহ পশ্চিম এশিয়ার ছয়টি দেশে এটি এখনও মুক্তির ছাড়পত্র পায়নি। নির্মাতারা চেষ্টা করলেও এই দেশগুলোতে সিনেমাটি মুক্তির সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ মনে করেন, 'ধুরন্ধর' যেখানে ব্যাপক আলোচিত, সেখানে 'মেরা লিয়ারি' তেমন দর্শক টানতে পারবে না।