ওমানের ডুকম বাণিজ্যিক বন্দর ও একটি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।
রবিবার (১ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ওমানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও মধ্যস্থতাকারী দেশের ওপর 'কাপুরুষোচিত আক্রমণ' বলে অভিহিত করেছে। হামলায় ডুকম বন্দরে একজন এবং জাহাজে চারজন নাবিক আহত হয়েছেন।
আল-জাজিরার তথ্যমতে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটি থেকে দ্রুত নাবিকদের সরিয়ে নেওয়া হলেও চারজন আহত হন। এছাড়া ডুকম বন্দরে ড্রোন হামলায় আরও এক কর্মী জখম হয়েছেন। ওমান সরকার এই ঘটনার পর সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।
কাতার তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, ওমানের মতো একটি শান্তিপূর্ণ ও মধ্যস্থতাকারী রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য উত্তেজনা সৃষ্টি করবে। উল্লেখ্য, ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনায় মধ্যস্থতা করে আসছিল। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।