গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং নির্বাচনী আচরণবিধির সাম্প্রতিক সংশোধনীগুলোকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (২৬ নভেম্বর) জোটের ছয় দলের সাত সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজের কাছে এই স্মারকলিপি জমা দেয়। জোটের দাবি, জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধি এবং 'না' ভোট সীমিতকরণের মতো সংশোধনীগুলো সাধারণ মানুষের প্রার্থী হওয়ার অধিকার সীমিত করছে।
নির্বাচন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেন যে, রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সুশীল সমাজ বা জনগণের মতামত ছাড়াই জামানত বৃদ্ধি, নির্বাচনী ব্যয় সীমা বাড়ানো এবং 'না' ভোট সীমিতকরণসহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সংশোধনীগুলো ধনীদের প্রার্থী হওয়ার সুযোগ বাড়িয়ে সংসদকে 'কোটিপতিদের ক্লাবে' রূপান্তর করবে। তারা 'না' ভোট সীমিত করাকে অযৌক্তিক ও ভোটারের অধিকারবিরোধী বলেও উল্লেখ করেছেন।
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা দ্রুত এসব দাবির বাস্তবায়ন চেয়েছে। স্মারকলিপিতে জোটের দাবি, জামানত ৫ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকায় নির্ধারণ করতে হবে। একই সঙ্গে, সবার ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সমানাধিকার নিশ্চিত করার জন্য শুধু একক প্রার্থীর ক্ষেত্রে নয়, সব আসনেই 'না' ভোটের বিধান যুক্ত করতে হবে। এছাড়াও, কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িক ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচনের নিশ্চয়তা বিধানের দাবি জানানো হয়।
নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে জোটের দাবি হলো—পোস্টার, লিফলেট এবং প্রার্থীদের পরিচিতি সভাসহ নির্বাচনী ব্যয় কমিশনকে বহন করতে হবে। এছাড়া, আইসিটি আদালতে অভিযুক্ত হলেই প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার মতো ধারা এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পদত্যাগের কমপক্ষে তিন বছরের মধ্যে নির্বাচন না করার বিধান যুক্ত করতে হবে। তারা আরও দাবি করেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের জন্য অপেক্ষা না করে 'সুয়োমটো' হিসেবে কমিশনকে শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভোটারদের প্রতিনিধি প্রত্যাহারের বিধান যুক্ত করতে হবে।
প্রশাসনিক ক্ষেত্রে তারা চান ডিসি, ইউএনওদের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। নির্বাচনী এলাকার শিক্ষক-কর্মকর্তাদেরকে যেন একই এলাকায় পুলিং বা প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দেওয়া হয়, সেই ব্যবস্থা করতে হবে। তফসিল ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত স্বরাষ্ট্র, তথ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের কাজে নিয়োজিতদেরকে কমিশনের অধীনে রাখার দাবিও জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পরিশেষে, তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার এবং যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক বক্তব্য প্রদানকারীকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান।