তিনি বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি সংসদ সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।
নির্বাচনী কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট প্রদান ও ব্যালট পেপারের নিয়মাবলি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ব্যালট পেপারের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা নিজ নিজ পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালট নেওয়ার পর তাতে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম সঠিকভাবে রয়েছে কি না, তা পরীক্ষাপূর্বক নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে বলে জানান সিইসি।