গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সুখবর দিয়েছেন তাঁর বড় ভাই ওমর ফারুক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে ওমর ফারুক জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতাও আগের চেয়ে বেড়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় কিছুটা অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাঁকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
হাদির ভাই ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাঁকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ পুশ করে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এই চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন হাদি। ধীরে ধীরে তাঁর শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। অবস্থা স্থিতিশীল হওয়ার পর সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) তাঁর জন্য অতি প্রয়োজনীয় স্বাস্থ্যগত পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। চিকিৎসকরা তাঁকে বিশেষায়িত আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
এর আগে, গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।