অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার 'বিতর্কিত' কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সময় এলে এই উপদেষ্টাদের নাম প্রমাণসহ জনগণের সামনে প্রকাশ করা হবে। নির্বাচন ও গণভোটের নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগের কথা জানান।
তিনি বলেন, আমরা চাই প্রধান উপদেষ্টা পুরোপুরি নিরপেক্ষ থাকুন। তবে তিনজন উপদেষ্টা সরকারের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ভূমিকা নিচ্ছেন বলে আমরা উদ্বিগ্ন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজন হলে আমরা প্রমাণসহ তাদের নাম প্রকাশ করব। আমাদের হাতে তথ্য আছে যা ভবিষ্যতে জনগণের সামনে আনা হবে।
জোটের শীর্ষ নেতারা মনে করেন, নির্বাচন ও গণভোটের নিরপেক্ষতা ক্ষুণ্ন হলে দেশের রাজনৈতিক পরিবেশে স্থায়ী প্রভাব পড়তে পারে। তাই তারা প্রধান উপদেষ্টার কাছে স্পষ্টভাবে নির্দেশনা ও সতর্ক নজরদারির দাবি জানান।
জামায়াত সেক্রেটারি বলেন, তত্ত্বাবধানের দায়িত্ব সঠিকভাবে পালন না হলে অবাধ নির্বাচন কার্যকর হবে কি না, তা প্রশ্নবিদ্ধ হবে। তিনি নিশ্চিত করেন, এই ইস্যুগুলো সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে খোলাখুলিভাবে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। তবে তাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচনের গতি ব্যাহত করা নয়, বরং নির্বাচনকে সুষ্ঠু ও জনগণের প্রতি দায়বদ্ধ করা।
আট দলীয় জোট জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের সম্ভাব্য জটিলতা স্পষ্ট করার জন্য সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেছে।