সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলার একটি মাদরাসায় দলীয় সভার আয়োজন করায় এই দণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ইউসুফ আলী সংশ্লিষ্ট মাদরাসার সুপার হিসেবে কর্মরত।
নির্বাচনী আচরণবিধি অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সভা করায় সিরাজগঞ্জের কামারখন্দে এক জামায়াত নেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইউসুফ আলী (৪৫) উপজেলা জামায়াতের আমির এবং বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই মাদরাসায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, মাদরাসার শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে নারী সদস্যদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও সভার আয়োজন করা হয়েছিল। সরকারি বিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা শিক্ষক রাজনৈতিক প্রচারণায় যুক্ত হতে পারেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, সংসদ নির্বাচন আচরণবিধিমালা-২০২৫ এর ২০(খ) ধারা ভঙ্গ করায় এবং ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের এমন নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।