নিরাপত্তা উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে বাংলাদেশের অনীহা নিয়ে মুখ খুলেছে ভারত সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব বিষয়। তবে ভারত সব দলকে স্বাগত জানাতে এবং পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত।
ভারতে কট্টরপন্থীদের আন্দোলনের জেরে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি ইতিমধ্যে আইসিসিকে তাদের উদ্বেগের কথা জানিয়ে বিকল্প ভেন্যুর ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে ভারত সরকারের অবস্থান তুলে ধরেছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রতিটি অংশগ্রহণকারী দেশের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব এবং তারা সেটি করতে অঙ্গীকারবদ্ধ। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত না আসতে চায় বা ভেন্যু পরিবর্তনের দাবি তোলে, তবে সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখবে নয়াদিল্লি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত সরকার পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আন্তর্জাতিক ক্রীড়া নীতি অনুযায়ী ভারত আয়োজক হিসেবে কাউকে বাধা দেবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বল এখন বাংলাদেশের কোর্টে। বাংলাদেশ সরকার ও বিসিবি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এই অচলাবস্থা নিরসনে আইসিসি আগামী কয়েক দিনের মধ্যে কোনো বড় ঘোষণা দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।