গত ১২ দিনে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’-এর ২৯১টি অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) গোষ্ঠীটির পক্ষ থেকে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। হামলায় আরও কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। এছাড়া ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনে অংশ না নিতে ইউরোপীয় দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।
ইসলামিক রেজিস্ট্যান্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ৩১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত ১২ দিনের অভিযানে নিহতের পাশাপাশি বহু মার্কিন সেনার অবস্থা গুরুতর বলেও দাবি করা হয়েছে। গোষ্ঠীটির মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে অংশ নেয়, তবে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে ইরাকসহ পুরো অঞ্চলে ওই দেশগুলোর সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং সেখানে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।