নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইজিপি বাহারুল আলমসহ অন্যরা মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে দিনের প্রথম প্রহরে সকাল ৬টা ৩৩ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সকাল ৬টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ।