ভোলার দৌলতখান উপজেলায় দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হুমায়রা (৬) নামের এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত হুমায়রা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের মো. ছবির মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর স্বজনরা জানান, মাদরাসায় একটি অনুষ্ঠান থাকায় হুমায়রা সকালে সেখানে গিয়েছিল। অনুষ্ঠান থেকে বেরিয়ে কিছু কেনার জন্য দোকানের দিকে যাওয়ার সময় সে রাস্তার ওপর ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় হুমায়রা সড়কে ছিটকে পড়ে এবং ফের রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশার চালকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।