আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসলিমদের ইবাদত ও প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভিরের মদতে আল-আকসাকে ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
জেরুজালেমের বর্তমান পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করে শেখ একরিমা সাবরি জানান, জানুয়ারিতে নতুন পুলিশ কমান্ডার নিয়োগের মাধ্যমে ইসরায়েল তাদের নেতিবাচক পরিকল্পনা স্পষ্ট করেছে। ইতিমধ্যে কয়েক ডজন মুসলিম তরুণকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, অধিকৃত পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের জন্য এবারের রমজানে কোনো সুযোগ-সুবিধা বা প্রবেশাধিকার শিথিল করা হবে না।
বিশ্লেষকদের মতে, কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির আল-আকসাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। এর ফলে গত বছরের তুলনায় এবার আল-আকসায় মুসল্লির সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শেখ সাবরি এই পদক্ষেপকে সরাসরি ইবাদতের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। রমজানকে ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে যখন উৎসবের আমেজ থাকার কথা, তখন ইসরায়েলি এই বিধিনিষেধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে।